
নিহত নারীর নাম পিংকি খাতুন (৩২)। তিনি স্বামী রাজিব ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুই সন্তানকে নিয়ে পিংকি গেন্ডারিয়ায় এক আত্মীয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফতুল্লার বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রওনা দেন। পরে ব্যাটারিচালিত রিকশায় উঠে যাত্রা শুরু করেন।
নিহতের ভাই জাহিদ জানান, কিছুক্ষণ পরই ফোনে খবর পান যে পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার চাকার সঙ্গে পিংকির ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় পিংকির দুই সন্তান রিকশায় ছিল এবং তারা নিরাপদ আছে। তবে ওই সময় তার স্বামী সঙ্গে ছিলেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।