
সাইফুল ইসলাম : ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার রাত প্রায় পৌনে ১০টার দিকে এ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সন্ধ্যা থেকেই ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত প্রায় পৌনে ৯টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহনসহ দুটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে।
এ ছাড়া পাটুরিয়া প্রান্তে ৬টি এবং দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়। পরে আবহাওয়া অনুকূলে এলে রাত পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এ সময় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন।