
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রামের হাটহাজারীর মেখলে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে করা মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়েছিল। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। গত ৭ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। বৃহস্পতিবার সেই মামলায় শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ আরও ছয়টি মামলায় আসামি হিসেবে অভিযুক্ত থাকায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশে ওই আইনজীবীকে হত্যা করা হয়। আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর লাঠি ও ইট দিয়ে আঘাত করে সাইফুল ইসলামকে হত্যা করেন। গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে আলোচিত এই হত্যা মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা চলমান রয়েছে।